বাগেরহাটে ট্রলারডুবির ঘটনায় আরও ২ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানের চতুর্থ দিন আজ শুক্রবার সকাল সাতটার দিকে পানগুছি নদীর ফেরিঘাট ও কাঁঠালতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এ অভিযান চালান।

এ নিয়ে গত চার দিনে নারী, দুই শিশুসহ মোট ১৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

সকালে উদ্ধার হওয়া দুই নারীর পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার খেঁজুরবাড়িয়া গ্রামের পুলিশ সদস্য জাহিদুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম (৩২) ও মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের বশির শেখের স্ত্রী লাবণী বেগম (১৮)।

গত মঙ্গলবার বেলা ১১টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে পানগুছি নদীতে ট্রলারটি ডুবে যায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদুর রহমান সরদার বলেন, অভিযানের চতুর্থ দিন আজ সকালে পানগুছি নদীর প্রায় পাঁচ কিলোমিটার দূরে কাঁঠালতলা এলাকা থেকে নাছিমা বেগমের এবং ফেরিঘাট থেকে লাবণি বেগমের মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁদের পরিচয় শনাক্ত করেছেন। এই নিয়ে গত চার দিনে নারী, শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও চারজনকে উদ্ধার করতে অভিযান চলছে।