বাগেরহাটে ট্রাক খাদে, তিন ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সবজিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন সবজি ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর চারটায় বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাটের যৌখালী সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধুরকাঠি গ্রামের মোস্তফা শেখ (৪৫), হোগলাপাশা গ্রামের সাইদুল শেখ (৪৮) এবং পিরোজপুরের পোরগোলা গ্রামের হানিফ মোল্লা (২৫)।
আহত ব্যক্তিদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মাসুম ফরাজী, মিলন শেখ ও বজলুর রহমান। পুলিশ জানায়, খুলনা থেকে সবজিবোঝাই একটি ট্রাক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বৌলপুর বাজারে আসার পথে যৌখালী সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হন। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকচালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আহত ব্যক্তিরা জানিয়েছেন।