বাগেরহাটে ট্রাক চাপায় নিহত ২
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও একজন আরোহী। আজ মঙ্গলবার উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোংলা উপজেলার বিদ্যারবাওন গ্রামের ওসমান (৫৫) ও শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের সোহাগ তালুকদার (৩৩)। আহত হয়েছেন মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের হায়দার আলী সরদার (৩৫)। এর মধ্যে সোহাগ তালুকদার মোটরসাইকেল চালাচ্ছিলেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল শেখ বলেন, ওসমান ও হায়দার সোহাগের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় শ্যামবাগাত এলাকায় বিপরীত দিক থেকে মোংলাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। হায়দারকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এসআই জানান, দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। নিহত ব্যক্তিদের পরিবার থেকে মামলা না করা হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।