বাগেরহাটে ডাকাতি, হামলায় আহত ২
বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামের একটি বাড়িতে গত মঙ্গলবার দিনগত গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা গৃহকর্তা বৈদ্যনাথ দে (৫৫) ও তাঁর কলেজপড়ুয়া মেয়ে মৌমিতা দে-কে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। গতকাল বুধবার ভোররাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরেজমিনে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় গভীর রাতে অপরিচিত ব্যক্তিদের চলাফেরা বেড়েছে। গত রমজান মাসের প্রথম দিকে বৈদ্যনাথের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল।বৈদ্যনাথের স্ত্রী শান্তনা দে জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঘরের পেছনের মাটির দেয়াল খুঁড়ে দুই ডাকাত ভেতরে ঢুকে ঘরের দরজা খুলে দিলে আরও চার-পাঁচ জন ঢুকে পড়ে। এ সময় তাঁর বড় মেয়ে মৌমিতা টেবিলে লেখাপড়া করছিল। ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। শব্দ পেয়ে তিনি ও তাঁর স্বামী ঘুম থেকে উঠলে ডাকাতেরা বৈদ্যনাথকে মারধর শুরু করে। তিনি দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে দড়ি দিয়ে বেঁধে বুক, গলা, মুখ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এরপর ডাকাতেরা আলমারি খুলে প্রায় ১০ হাজার টাকা এবং স্বর্ণালংকার ও মালামাল নিয়ে যায়। কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম বলেন, বাগমারা, কৃষ্ণনগর, দড়িতালুকসহ হিন্দু অধ্যুষিত গ্রামে একটি সন্ত্রাসী চক্র চাঁদা আদায় এবং চুরি-ডাকাতি করে এলাকার পরিবেশ অস্থিতিশীল করে তুলছে।বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল খান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ঘটনাটি সিঁধেল চুরি, না ডাকাতি তা এখনই বলা যাবে না। দুর্বৃত্তদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।