বাগেরহাটে ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনি, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরে গত বৃহস্পতিবার রাতে একটি টেলিকম কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। বাগেরহাট সদর থানা সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটাবন্দুক, একটি পিস্তল, একটি গুলি, একটি ছুরি, তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম এবং ২৩ লাখ ৮৯ হাজার ৬৬২ টাকা উদ্ধার করেছে। ডাকাতদের মারধরে আহত মো. মনিরুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় তিনটি মামলা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজন ডাকাত হাফিজুর রহমানের (২৫) বরাত দিয়ে পুলিশ জানায়, গণপিটুনিতে নিহত ব্যক্তিরা হলেন—খুলনার সোনাডাঙ্গা থানার রামনগর এলাকার রিয়াজ উদ্দিন (২৫) ও খান আফসার উদ্দিন (৫০), পাবনার মো. ইমরান (২২) এবং পিরোজপুরের কদমতলা গ্রামের আহম্মদ আলী (৪০)। হাফিজুরের বাড়ি খুলনার কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামে। গতকাল রাতে হাফিজুর মারা যান।পরিবেশক প্রতিষ্ঠান বিভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শেখ আশিকুর রহমান জানান, ক্যাশে প্রায় ২৫ লাখ টাকা ছিল। রাত সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন সশস্ত্র যুবক তাঁর কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনিরুজ্জামান বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ডাকাতেরা টাকা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় কার্যালয়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এরই ফাঁকে তাঁদের এক কর্মী ডাকাতদের অজ্ঞাতে বাইরে বের হয়ে মূল ফটকে তালা দিয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে কার্যালয় ভবন ঘিরে ফেলে। একপর্যায়ে ভেতরে ঢুকে ডাকাতদের আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক বিদ্যুৎ কান্তি পাল জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পুলিশ পাঁচ যুবককে হাসপাতালে নিয়ে আসে। এঁদের মধ্যে চারজন হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে রাতে তিনি মারা যান। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই গণপিটুনির ঘটনা ঘটে। রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়। তিনি আরও জানান, শেখ আশিকুর রহমান অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করে ডাকাতির মামলা করেন। পুলিশ অস্ত্র আইনে আট-নয়জনের নামে এবং গণপিটুনির ঘটনায় অজ্ঞাতনামা দেড়-দুই হাজার মানুষের নামে পৃথক দুটি মামলা করেছে। বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।