বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ, ওষুধ-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১০০ রোগী বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন।
ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না থাকায় রোগীদের হাসপাতালের মেঝে, বাইরের খোলা চত্বর ও গাছতলায় রিকশাভ্যানে রেখে চিকিৎসা দেওয়া হয়।
গতকাল শুক্রবার হাসপাতালের চার শয্যার ডায়রিয়া ওয়ার্ডের দায়িত্বরত সেবিকা হাজেরা বেগম জানান, জায়গার অভাবে জরুরি বিভাগের একটি কক্ষ ডায়রিয়া রোগীদের জন্য খালি করা হয়েছে। এখানে মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হবে। তিনি জানান, আজ (শুক্রবার) ছুটির দিন হওয়ায় রোগীর চাপ কম। পুরোনো রোগীদের মধ্যে ছয়জন এখনো চিকিৎসা নিচ্ছেন। নতুন করে চারজন ভর্তি হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন রোগী বলেন, হাসপাতালে রোগী রাখার জায়গা নেই। এ ছাড়া হাসপাতাল থেকে কোনো ওষুধও দেওয়া হচ্ছে না। তাই বেশির ভাগ রোগী হাসপাতাল ছেড়ে ক্লিনিকে (বেসরকারি চিকিৎসা কেন্দ্র) ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, চার শয্যার ডায়রিয়া ওয়ার্ডে দুই দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মধ্যবয়সী পুরুষ ও নারীর সংখ্যাই বেশি।
বাগেরহাট শহরের মারিয়া পল্লি থেকে চিকিৎসা নিতে আসা মেরী গাইনের ছেলে টমাস গাইন বলেন, ‘ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না থাকায় ওয়ার্ডের বাইরে রিকশাভ্যানে রেখে আমার মাকে চিকিৎসা নিতে হচ্ছে। তাঁকে হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয়নি। তাই বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।’ বাগেরহাট সদর উপজেলার বেশরগাঁতি গ্রামের শাহজাহান শেখ বলেন, ‘বুধবার রাতে আমার মা নূরজাহান ডায়রিয়ায় আক্রান্ত হন। ঘন ঘন বমি ও পাতলা পায়খানা হওয়ায় রাতেই মাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে শয্যা সংকটের কারণে তাঁকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় স্যালাইন ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হচ্ছে।’
সেবিকা হামিদা বেগম বৃহস্পতিবার বলেন, কয়েক দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তবে দুই দিন রোগীর চাপ খুব বেশি ছিল। এতে হাসপাতালে স্যালাইন ও ইনজেকশনের সংকট দেখা দেয়। তাই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মাঈন উদ্দিন মোল্লা বলেন, প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বাগেরহাট সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যা মাত্র চারটি। রোগীর চাপ বাড়ায় আক্রান্তদের একটি বাড়তি কক্ষসহ হাসপাতালের মেঝে ও হাসপাতাল চত্বরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধ সংকটের বিষয়ে তিনি বলেন, সোমবার নাগাদ নতুন সরবরাহ পেলে ওষুধের সংকট দূর হবে।