বাগেরহাটে গৃহবধূ নাছিমা বেগমের শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থ আদায় করে নাছিমাকে প্রদানের জন্য নির্দেশ দেন আদালত। বাগেরহাট অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এম আতোয়ার রহমান গতকাল বৃহস্পতিবার বিকেলে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার কোমরপুর গ্রামের মোশারেফ শেখ (৩৮) ও তাঁর ভাই মো. নাছির উদ্দিন শেখ (৩৫) এবং মশিদপুর গ্রামের মো. হাফিজুর রহমান হাফিজ (৩৮)। তাঁদের মধ্যে জামিনে থাকা হাফিজুর দক্ষিণ কোরিয়া চলে গেছেন। অপর দুই আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আদালতের বারান্দায় নাছিমার (৪২) সঙ্গে তাঁদের দেখা হয়। এ সময় আসামি ও তাঁদের পরিবারের সদস্যরা নাছিমাকে দেখে নেওয়ার হুমকি দেন। তাঁরা গণমাধ্যমকর্মীদের গালাগাল করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২১ আগস্ট রাতে ওই তিন আসামি নাছিমার বাড়ির উঠোনে ওত পেতে থাকেন। গভীর রাতে নাছিমা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। তাঁকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করেন তাঁরা। অ্যাসিডে নাছিমার মুখের ডান পাশ থেকে বুক ও পেট পর্যন্ত ঝলসে যায়। পরে তাঁকে ঢাকার অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে পর্যায়ক্রমে দুই বছর চিকিৎসা দেওয়া হয়। নাছিমার চিকিৎসা, আইনি সহযোগিতা ও পুনর্বাসনে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল, বেসরকারি সংগঠন ব্র্যাক, রূপান্তর, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন এবং বাগেরহাট মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন সহায়তা দিয়েছে।২০০৩ সালে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে নাছিমার জন্য ঘর বানিয়ে দেওয়া হয়। তিনি কোমরপুর গ্রামের সেই ঘরে স্বামী-সন্তান নিয়ে বাস করছেন।