বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে মারা যাওয়া তিনজন বিষাক্ত গ্যাসে নয়, বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।এদিকে, নিহতদের মধ্যে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম বেল্লাল শেখ। তিনি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবদুল গনি শেখের ছেলে। তিনি ভ্যানরিকশা চালাতেন।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিনজনের মৃত্যু হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে, কয়েক মাস আগে তৈরি করা ওই সেপটিক ট্যাংকের ভেতরের কাঠ ও বাঁশ সরানোর জন্য ট্যাংকের ভেতরে আলোকিত করতে সেখানে একটি বৈদ্যুতিক সংযোগ লাগিয়েছিলেন বাড়ির মালিক। ওই সংযোগ থেকে ট্যাংকের ভেতরের পানি বিদ্যুতায়িত হয়। পানিতে নামার পরে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ভাড়া দেওয়া একটি বস্তিঘরের গোলপাতার চাল থেকে প্রায় ১০ গজ লম্বা একটি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। ওই ঘরের ভাড়াটে সোহাগ নকিবের ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ নেওয়ারও আলামত পাওয়া যায়। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার পর থেকে বাড়ির মালিক পলাতক রয়েছেন। বাগেরহাট সদর হাসপাতালে গতকাল তিনটি লাশের ময়নাতদন্ত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ ও কাঠ বের করার জন্য এর ভেতরে তিনজনকে নামান বাড়ির মালিক বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামের আবদুল হামিদ ওরফে বাচ্চু ভেন্ডার। ট্যাংকে নেমে বেল্লাল শেখ (৪৫), বাড়ির ভাড়াটে সোহাগ নকিব ও এলাকার সদস্য এসএসসি পাস করা তরুণ আরিফুল ইসলাম অচেতন হয়ে পড়েন।