বাগেরহাটে তিনটি বাঘের চামড়াসহ শিকারি আটক
বাগেরহাটের শরণখোলা উপজেলার বাংলাবাজার গ্রাম থেকে গত বুধবার তিনটি বাঘের চামড়া, চারটি মাথা ও ৩১ কেজি হাড় উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। এ সময় মো. জামাল ফকির নামের এক শিকারিকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, কোস্টগার্ড পশ্চিম জোনের শরণখোলা কনটিনজেন্টের সহযোগিতায় সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বুধবার সকাল নয়টায় বাংলাবাজার গ্রামে অভিযান চালান। গ্রেপ্তার হওয়া বাঘ শিকারি জামাল (৩৮) শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা।এ ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের ফরেস্টার কে এম কবির উদ্দিন বন আইনে আটক জামালসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অপর তিন আসামি হলেন শরণখোলা উত্তর তাফালবাড়ী গ্রামের খয়ের মিঞা (৪০), ধলু মোল্যা (৪০) ও হেমায়েত হাওলাদার (৪২)।জামালকে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে ও রাতে খুলনার র্যাব-৬, বাগেরহাটের মংলার কোস্টগার্ড পশ্চিম জোন এবং সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মীরা পৃথকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদে জামাল জানান, তিনি এবং তাঁর অপর তিন সহযোগী মাছ ধরার নামে গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুই ভাগে বিভক্ত হয়ে ধানসাগর স্টেশন ও ভোলা টহল ক্যাম্প এলাকা দিয়ে সুন্দরবনে ঢোকেন। গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস তাঁরা সুন্দরবনে অবস্থান করেন। এ সময় তাঁরা বন্য শূকর শিকার করে সেই শূকরের মাংসে কীটনাশক ‘ফুরাডন’ মিশিয়ে বিষটোপ দিয়ে চাঁদপাই রেঞ্জের হরিণটানা এলাকার হরমোজা খাল, চরাপুটি এলাকার চানমনি খাল এবং সংলগ্ন এলাকা থেকে পর্যায়ক্রমে তিনটি বাঘ শিকার করেন। পায়ের ছাপ দেখে তাঁরা এসব এলাকায় বাঘের অবস্থান চিহ্নিত করেছিলেন। পরে বনে বসে বাঘের চামড়া ছিলে তাতে লবণ মাখিয়ে এবং মাংস ছাড়িয়ে হাড়গুলো রোদে শুকিয়ে বস্তায় ভরে নিয়ে লোকালয়ে ফেরেন।জামাল শরণখোলা এলাকার অপর চার ব্যক্তির নাম প্রকাশ করে জানান, সুন্দরবনের বনদস্যু জুলফিকার বাহিনীর সঙ্গে বাঘ শিকারিদের যোগাযোগ রয়েছে। তাঁদের শিকার করা তিনটি বাঘের চামড়া বিক্রি থেকে পাওয়া টাকার একটি অংশ জুলফিকারকে দেওয়ার কথা ছিল।জামাল আরও জানান, গত বছরের পৌষ মাসে তিনি জুলফিকারের অনুগত অপর একটি দলের সঙ্গে সুন্দরবন পূর্ব বিভাগের ছাপড়াখালী এলাকায় একই পদ্ধতিতে দুটি বাঘ শিকারে অংশ নেন। সেবার ওই দলটির সদস্যরা ঢাকায় বাঘের চামড়া বিক্রি করলেও টাকার ভাগ তাঁকে দেয়নি। এবার তিনি নিজেই দল গুছিয়ে বাঘ শিকারে যান।বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা চামড়া তিনটির লেজ থেকে মাথা পর্যন্ত দৈর্ঘ যথাক্রমে ১০ ফুট দুই ইঞ্চি, নয় ফুট নয় ইঞ্চি এবং নয় ফুট তিন ইঞ্চি। চামড়া তিনটির মধ্যে দুটি পূর্ণবয়স্ক বাঘের এবং একটি পূর্ণবয়স্ক বাঘিনীর। উদ্ধার হওয়া হাড়ের সংখ্যা ১৩৮ টুকরা। যার ওজন ৩১ কেজি।বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, প্রায় ১৫ দিন ধরে তাঁর নেতৃত্বে বনকর্মীরা ক্রেতা সেজে এই চোরা শিকারি চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করেন। ১৩ ফেব্রুয়ারি জামাল ও তাঁর অপর এক সহযোগী বন বিভাগের সোর্সকে বাংলাবাজার এলাকার একটি প্রত্যন্ত বিলের ভেতর নিয়ে একটি চামড়া দেখান। এরপর কেনাবেচার চুক্তি চূড়ান্ত করে তাঁদের ১০ হাজার টাকা বায়না দেওয়া হয়। কথামতো বুধবার ভোরে তাঁরা টাকা নিয়ে জামাল ফকিরের সঙ্গে বাংলাবাজার গ্রামের একটি পরিত্যক্ত ঘরে দেখা করেন এবং তাঁকে হাতেনাতে আটক করেন।তিনি জানান, প্রতি ফুট চামড়ার জন্য ১৭ হাজার টাকা, প্রতিটি মাথার জন্য এক লাখ টাকা এবং প্রতি কেজি হাড়ের জন্য দাম চেয়েছিল ২০ হাজার টাকা। সব মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার টাকায় বাঘের এসব চামড়া, মাথা ও হাড় কেনার চুক্তি হয়।