বাগেরহাটে তেল-গ্যাস রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের রামপাল ও মংলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে বাগেরহাট শহরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি।


আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট-খুলনা সড়কের পাশে এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। জাতীয় কমিটির বাগেরহাট জেলার আহ্বায়ক রণজিত্ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ।

সমাবেশে নেতারা বলেন, সুন্দরবনবিধ্বংসী রামপাল বিদ্যুেকন্দ্র স্থাপনের নামে ভারতের স্বার্থ রক্ষা করছে সরকার। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ মংলায় আরও একটি তাপবিদ্যুত্ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে নানা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন বক্তারা।

সমাবেশে বক্তৃতা করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী প্রমুখ।

সুন্দরবন রক্ষার আন্দোলনের অংশ হিসেবে চলতি মাসে যশোর, সাতক্ষীরা ও পিরোজপুর জেলায় অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জুন-জুলাই মাসে খুলনায় বিভাগীয় কনভেনশন, ১৮ থেকে ২০ আগস্ট সুন্দরবনসংলগ্ন এলাকায় ঘুরে সাংস্কৃতিক অভিযাত্রা।

বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ‘মৈত্রী সুপার থারমাল পাওয়ার’ প্রকল্প নামে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। গত বছরের ৫ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এ বিদ্যুত্ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতিমধ্যে এ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ১ হাজার ৮৩৪ একর জমির মধ্যে ৪২০ একর জমি ভরাট করা হয়েছে। এখন সেখানে অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এ ছাড়া জেলার মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে সুন্দরবনের আরও কাছে বেসরকারি প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ ৬৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে। সেখানেও মাটি ভরাটের কাজ চলছে।