বাগেরহাটে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির জনসভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্বনির্ধারিত জনসভা পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দিন কলেজ মাঠে এই প্রকল্পের পক্ষে ও বিপক্ষে জনসভা আহ্বান করায় উপজেলা প্রশাসন গত শুক্রবার রাতেই ওই এলাকায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়।গতকাল বিকেলে জনসভায় যাওয়ার পথে পুলিশের বাধার মুখে উপজেলার শুকদাড়া এলাকা থেকে জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতারা ফিরে আসতে বাধ্য হন। পরে সন্ধ্যায় তাঁরা বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে খুলনা-মংলা মহাসড়কের পাশে পথসভা করেন। এর আগে জাতীয় কমিটির উদ্যোগে গতকাল সকালে বাগেরহাটের মংলা প্রেসক্লাবে এবং শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবে মতবিনিময় সভা করা হয়। মংলা প্রেসক্লাবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিটির উপজেলা আহ্বায়ক নূর আলম শেখ। বাগেরহাট প্রেসক্লাবের সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক রণজিৎ চট্টোপাধ্যায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহামঞ্চদ শহীদুল্লাহ, সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সদস্য সরদার রুহিন হোসেন প্রমুখ। বক্তারা এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারি সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান। এ ছাড়া এই প্রকল্প বাস্তবায়নে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান। পুলিশের বাধার মুখে জনসভা করতে ব্যর্থ হয়ে ঢাকা ফেরার পথে গতকাল সন্ধ্যায় অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘এই প্রকল্প পরিবেশ ও প্রতিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি। এই প্রকল্প বাস্তবায়নে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করা হয়নি। তাই আমরা সরকারের কাছে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বন্ধ করতে এবং ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।’