বাগেরহাটে দিনদুপুরে দুই ম্যাজিস্ট্রেটের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা প্রশাসনের দুই নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা সাত ভরি স্বর্ণালংকার এবং ৫৫ হাজার টাকা নিয়ে গেছে। তবে বাসায় ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র প্রকাশ্যে থাকলেও চোরেরা রহস্যজনকভাবে সেগুলো নেয়নি।বাগেরহাট কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা বেগম এবং মুশতানজিদা পারভীনের বাড়িতে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। মাহামুদা শহরের মিঠাপুকুর পারে এবং মুশতানজিদা সরুই আলিয়া মাদ্রাসা রোডে ভাড়া বাসায় থাকেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। মাহমুদা বর্তমানে সরকারি প্রশিক্ষণে জেলার বাইরে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর স্বামী স্থানীয় সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মোশারেফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি চুরির মামলা করেছেন। অন্যদিকে মুশতানজিদা পারভীন ঘটনার সময় তাঁর কর্মস্থলে থেকে চুরির ঘটনা পুলিশকে জানালেও কোনো মামলা বা লিখিত অভিযোগ দেননি। চুরির ঘটনার ২৪ ঘণ্টা পরও পুলিশ কাউকে আটক বা মালামাল উদ্ধার করতে পারেনি।সরেজমিনে দেখা গেছে, মিঠাপুকুর পারে সাততলাবিশিষ্ট একটি বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকেন মাহমুদা বেগম। ভবনটি যথেষ্ট সুরক্ষিত। চোর মাহমুদার ফ্ল্যাটের প্রধান ফটকের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে ঢুকে ওয়ার্ডরোব ভেঙে সাত ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে। ঘরে ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী থাকলেও তা নেওয়া হয়নি।অন্যদিকে শহরের আলিয়া মাদ্রাসা রোডের পাঁচতলাবিশিষ্ট একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন মুশতানজিদা পারভীন। এটিও যথেষ্ট সুরক্ষিত। মুশতানজিদা জানান, ঘটনার সময় তাঁর পাশের ফ্ল্যাটেও কেউ ছিল না। ঘরে বিভিন্ন মূল্যবান সামগ্রী থাকলেও চোর আলমারি খুলে শুধু পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, চুরির দুটি ঘটনাই পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত শুরু হয়েছে। চোর আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।