বাগেরহাটে দুই দিনের রিমান্ড শেষে মুফতি হান্নান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।এদিকে খুলনার নিরালা আবাসিক এলাকার কাদিয়ানি মসজিদে বোমা হামলার মামলায় মুফতি হান্নানকে গত রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি। ২৯ আগস্ট খুলনার মুখ্য মহানগর বিচারিক হাকিমের আদালতে মামলাটির শুনানির তারিখ ধার্য রয়েছে। ১৯৯৯ সালে ওই বোমা হামলায় সাতজন নিহত হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত রোববার মুফতি হান্নানকে রিমান্ডে নেয়। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সিআইডির একটি দল বাগেরহাট মডেল থানায় রেখে মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।সিআইডি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান বোমা হামলাকারীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।সিআইডির খুলনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও শেখ হেলালের জনসভায় বোমা হামলা মামলার তদন্ত কর্মকর্তা সুখরঞ্জন সমাদ্দার গতকাল বিকেলে বলেন, হুজি নেতা মুফতি হান্নান ধূর্ত প্রকৃতির। জিজ্ঞাসাবাদে এই বোমা হামলার ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করলেও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা তদন্তে সহায়ক হবে।২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান কলেজমাঠে শেখ হেলালের নির্বাচনী জনসভায় পেতে রাখা বোমার বিস্ফোরণে নয়জন নিহত ও অর্ধ শতাধিক মানুষ আহত হয়।