বাগেরহাটে দুই পক্ষে মারামারি একজন নিহত
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের সিংগাঁতি গ্রামে মধুমতী নদীর চরের জমি দখলকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও মারামারির ঘটনায় একজন নিহত ও অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সিংগাতি গ্রাম থেকে আসা ৩২ জন নারী-পুরুষকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৯ জনের শরীরে বন্দুকের গুলির ছররার আঘাত রয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এঁদের মধ্যে হাশমত আলী সরদার, মহসীন সরদার, ফরিদ চৌধুরী ও রিপন সরদারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে রিপন মারা যান। বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুল আলম বলেন, মধুমতী নদীর চর দখলকে কেন্দ্র করে স্থানীয় জাহিদ শিকদার ও জিন্নাহ সরদারের সমর্থকদের মধ্যে সকাল পৌনে ১০টা থেকে শুরু করে পৌনে এক ঘণ্টা পর্যন্ত এই গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের একটি ট্রাক্টর ও ইটভাটার একটি ঘর ভাঙচুর করা হয়েছে। এলাকায় পুলিশ ও র্যা ব অবস্থান করছে। ঘটনাস্থল থেকে পুলিশ বন্দুকের পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।