বাগেরহাটে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় বিএনপির কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে বিএনপির সহযোগী দুটি সংগঠনের পাল্টাপাল্টি ধাওয়ায় ১৮ দলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ সময় পলাশ নামের শ্রমিক দলের এক কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বলেন, সম্প্রতি কেন্দ্র থেকে জাতীয়তাবাদী চালক দলের বাগেরহাট জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই সংগঠনের নবনির্বাচিত সভাপতি দাউদ আলী ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসে। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান মাইকে নতুন ওই সংগঠনের কথা ঘোষণা করলে জাতীয়তাবাদী শ্রমিক দল ক্ষুব্ধ হয় এবং একপর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়লে শ্রমিক দলের কর্মী পলাশ আহত হন। পরে দলীয় নেতা-কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, ১৮ দলের পূর্বনির্ধারিত অবরোধ কর্মসূচির শুরুতে বিএনপির দুই সহযোগী সংগঠন চালক দল ও শ্রমিক দল বিরোধে জড়িয়ে পড়লে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। দুই পক্ষের বিরোধের কারণে ১৮ দলের কর্মসূচি বাতিল হয়েছে।