বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মংলা বাসস্ট্যান্ডের কাছে আফজাল মাঝি (৩৫) এবং বুধবার রাতে ফকিরহাট উপজেলার মান্দারতলায় হাশেম আলী শেখ (৬৫) নিহত হন।আফজাল মাঝি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের কাশেম মাঝির ছেলে। আর হাশেম আলী শেখ ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের বাসিন্দা। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মংলা থানার সহকারী উপপরিদর্শক বোধন বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে মংলা থেকে খুলনার দিকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি মিনিবাস বাসস্ট্যান্ডের অদূরে পথচারী আফজালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক মিনিবাসটি আটক করা হয়েছে।ফকিরহাট থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার রাত নয়টার দিকে ইটবোঝাই একটি ট্রাক মান্দারতলায় পথচারী হাশেম আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।