বাগেরহাটে দুই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর চাঁদপুরে তোরণে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়ায় হরিচাঁদ ঠাকুরের মন্দিরে অগ্নিসংযোগ এবং মনসামন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। একই রাতে চাঁদপুরের মতলবে কীর্তন উপলক্ষে তৈরি একটি মন্দিরের তোরণ জ্বালিয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, কচুয়ার ধোপাখালী গ্রামের ননী গোপাল সরকার ও তাঁর প্রতিবেশী তপন কুমার কবিরাজের পারিবারিক মন্দিরে দুর্বৃত্তরা ওই হামলা চালায়। গতকাল বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ননী গোপাল বলেন, রাত একটার দিকে শব্দ শুনে তাঁদের বাড়ির লোকজনের ঘুম ভাঙে। বাইরে গিয়ে দেখেন, মন্দিরে আগুন জ্বলছে। প্রতিবেশীরা এসে আগুন নেভায়।
ধোপাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম ডি মোস্তাজাবুল হক বলেন, ননী গোপালের বাড়িতে মন্দিরের বেশ কয়েকটি প্রতিমা পুড়ে গেছে। একই সময়ে তপন কুমারের বাড়ির মনসামন্দিরেও প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে।
কীর্তনের তোরণে আগুন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে কালীচরণ কর্মকারের বাড়ির রাধাকৃষ্ণ মন্দিরের কাছে কীর্তন উপলক্ষে তৈরি একটি তোরণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কর্মকারবাড়ির দিলীপ কুমার জানান, বুধবার রাত ১২টার দিকে কে বা কারা কাপড় দিয়ে তৈরি তোরণটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে সেটি পুড়ে যায়। শুক্রবার (আজ) থেকে পাঁচ দিনব্যাপী কীর্তন অনুষ্ঠান শুরু হওয়ার কথা।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।