বাগেরহাটে দুজনের জেল, ৬ দোকানিকে জরিমানা
বাগেরহাটে মাদকদ্রব্য সেবন ও পর্নোগ্রাফি রাখার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন বাগেরহাট সদরের মুনিগঞ্জ মালোপাড়া এলাকার সুমন মোল্লা (৩২) ও মোরেলগঞ্জ বাজার এলাকার মো. রাসেল (২৩)।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, বাগেরহাটের মুনিগঞ্জ মালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাতটি ইয়াবাসহ সুমন মোল্লাকে আটক করা হয়। মাদকদ্রব্য সেবনের দায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে মোরেলগঞ্জ উপজেলার ঢালাই ব্রিজ এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে পর্নো ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর দোকানে থাকা কম্পিউটারে প্রচুর পর্নোগ্রাফি পাওয়া যায়। পরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও ছড়ানোর দায়ে ওই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কম্পিউটারের সিপিইউ জব্দ করা হয়।
এর আগে একই আদালত সিগারেটের বিজ্ঞাপন প্রচারকালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির এক কর্মীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেটের বিজ্ঞাপনসহ ২০০ লিফলেট ও ৫টি ব্যানার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রকাশ্যে সিগারেটের বিজ্ঞাপন বা প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। সিগারেটের প্রচারণার জন্য কোনো প্রকার পোস্টার, ব্যানার বা লিফলেট প্রদান নিষিদ্ধ থাকলেও ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কর্মী সাগর দাশ (৩০) বাগেরহাট সদরের ফতেপুর বাজারে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করছিলেন।
ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচারের দায়ে তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকায় বাগেরহাটে ছয়টি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ওষুধের (ফার্মেসি) ও তিনটি কসমেটিকসের দোকানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসি এবং পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা না থাকা তিনটি কসমেটিকসের দোকানকে এই জরিমানা করা হয়।