বাগেরহাটে দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে খুলনা-মংলা সড়কে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মো. আরিফ হোসেন (২৫)। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলটির চালক এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের মোহম্মদ আলীর ছেলে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। এঁদের একজনের বয়স আনুমানিক ২০ এবং অন্যজনের ৩৫ বছর।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মান্নান ফরাজী প্রথম আলোকে জানান, বাগেরহাটের মংলা থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। গতকাল রাত ১১টার দিকে ভরসাপুর বাসস্ট্যান্ডের কাছে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যাত্রীসহ ট্রাকের নিচে আটকে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।