বাগেরহাটে দুর্ঘটনায় দুজন নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল মঙ্গলবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আরোহী নিহত হয়েছেন। আরোহীরা পৃথক মোটরসাইকেলের চালক ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন আরোহী।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের দোনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের হিরণ্ময় হালদারের ছেলে চিন্ময় হালদার (৪০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে হাফিজুর রহমান মোল্লা (৩৫)।
আহত ব্যক্তিরা হলেন গোপাল হালদার, নূপুর হালদার ও আবদুল্লাহ আল মামুন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে পিরোজপুর থেকে চিন্ময় একটি মোটরসাইকেলে মোরেলগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে দোনা নামক স্থানে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ওই দুই মোটরসাইকেলের চালক চিন্ময় ও হাফিজুল ঘটনাস্থলেই নিহত হন।