বাগেরহাটের রামপালে গত রোববার গভীর রাতে হারুন শেখ (৪৫) নামের এক চায়ের দোকািনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ যশোরের শার্শা উপজেলায় সায়েদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেউটিয়া খেয়াঘাট এলাকা থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আমাদের আঞ্চলিক কার্যালয় এবং নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: রামপালে খুন হওয়া হারুন শেখ (৪৫) উপজেলার সোলাকুড়া গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে। গত রোববার রাতে ওই গ্রামে নিজ চায়ের দোকানে তিনি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে।
গতকাল সোমবার ভোরে স্থানীয় লোকজন দোকানে এসে তাঁকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। সাড়া না পেয়ে তারা পেছনে গিয়ে খাটে রক্তাক্ত অবস্থায় হারুনের লাশ পড়ে থাকতে দেখে৷ পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
যশোর: শার্শার তালসারি গ্রামে সায়েদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন৷ সায়েদের স্ত্রী রাহাতুন নেছা বলেন, রোববার রাতে তাঁর স্বামী গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন৷
এ সময় স্থানীয় পাঁচ-ছয় ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছিল। সায়েদ নিষেধ করলে তারা তাঁকে বেদম মারপিট করে। পুলিশ জানায়, যারা সায়েদকে পিটিয়েছে, তারা মাদকাসক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। শত্রুতার জেরে তারা সায়েদকে পেটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে আশাশুনির চেউটিয়া খেয়াঘাটে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে আশাশুনি থানায় খবর দেওয়া হয়। সকাল সাড়ে
আটটার দিকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তাঁর পরনে ছিল হাফ শার্ট ও ফুল প্যান্ট। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷