বাগেরহাটের ফকিরহাট উপজেলায় খুলনা-মাওয়া জাতীয় মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার ভেঙে বেহাল হয়ে পড়েছে। সড়কের ওই অংশে যানবাহনকে চরম ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ফকিরহাটের নওয়াপাড়া থেকে কাটাখালী মোড় পর্যন্ত ভেঙে একাকার। পিচ উঠে গিয়ে পুরো রাস্তা এবড়োখেবড়ো হয়ে পড়েছে। ভাঙা ইটের টুকরো ফেলে গর্তগুলো আড়াল করার চেষ্টা করা হয়েছে। ঝাঁকুনি এড়াতে ওই অংশে এসে বাস-ট্রাক, ভ্যান-রিকশা সবই চলছে ধীরগতিতে। পেছনে উড়ছে ধুলা। পথচারী ও যাত্রীদের নাক চেপে ধরে ওই অংশটুকু পার হতে হচ্ছে।
>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই সৃষ্টি হয়েছে গর্তের। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
সড়কটি ব্যবহারকারীরা বলছেন, মাঝেমধ্যে ইটের টুকরো ফেলা ছাড়া গত তিন বছরের বেশি সময় এ সড়কে তেমন কোনো সংস্কারকাজ হয়নি। সর্বশেষ ঈদের আগে এভাবে জোড়াতালি দেওয়া হয়েছে। কিন্তু অল্প বৃষ্টি হলেই সড়কটি আগের চেহারা ফিরে পাবে।
স্থানীয় পাইকপাড়া গ্রামের ভ্যানচালক ইকরাম শেখ বলেন, ‘গর্তগুলো ইট চাপা দিয়ে ভরাট করায় ঝাঁকি কমিছে। তবে ধুলো সহ্য করতি হতিছে। দু-এক পশলা বর্ষা হলি ভ্যান চালানো আর হবে নানে। গাড়ির চাপে ইট ছিটে গর্ত বেরোয়ে পড়বেনে।’
বাসচালক মজনু শেখ বলেন, সাত বছর আগেও সড়কটি বেহাল হয়ে পড়েছিল। তখন এ অংশে মেরামতকাজ চলেছিল প্রায় দুই বছর ধরে। তাতে ভোগান্তি আরও বেড়েছিল। এবার এই অংশটুকু মেরামতে কত দিন লাগবে কে জানে।
তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, সড়কের ওই অংশ মেরামতে দরপত্র দাখিল ও খোলার কাজ শেষ হয়ে গেছে। এখন দরপত্র মূল্যায়ন ও ঠিকাদার নিয়োগের অপেক্ষা। এই প্রক্রিয়া শেষে শিগগিরই সড়কটির মেরামতকাজ শুরু হবে।
সওজ বাগেরহাটের উপসহকারী প্রকৌশলী এস এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, নওয়াপাড়া থেকে কাটাখালী মোড় পর্যন্ত ১ দশমিক ৪ কিলোমিটার এবং খুলনা-মংলা জাতীয় মহাসড়কের মংলা উপজেলার দিগরাজ থেকে বাগেরহাট সদরের বেলাই সেতুর অংশ পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়ক মেরামতের জন্য একসঙ্গে দরপত্র আহ্বান করা হয়েছিল। ছয়টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিয়েছে। দরপত্র মূল্যায়ন শেষে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে।
বাগেরহাট সওজের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, নওয়াপাড়া-কাটাখালী অংশের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। দরপত্রের শর্ত অনুযায়ী ২০১৭ সালের জুন মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে।