বাগেরহাটে ধর্ষণের অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক স্কুলশিক্ষিকা। ওই শিক্ষিকা গত মঙ্গলবার সাবেক স্বামী, শ্বশুর, তিন ননদ ও এক ননদের স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় এ মামলাটি করেন। বাগেরহাট সদর হাসপাতালে গতকাল বুধবার ওই শিক্ষিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।ওই শিক্ষিকা বলেন, ২০০৪ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু কিছুদিন পর থেকে স্বামীর সঙ্গে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। ২০০৬ সালে তাঁদের একটি পুত্রসন্তান হয়। তিনি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় স্বামী তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। একপর্যায়ে তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে খোরপোশ ও ভরণপোষণের মামলা করেন। এদিকে ২০০৮ সালের ১৯ জুলাই স্বামী তাঁকে তালাক দেন।মামলার তদন্ত কর্মকর্তা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, ওই শিক্ষিকা এজাহারে বলেছেন, নতুন করে সংসার শুরুর আশ্বাস দিয়ে তাঁকে সন্তানসহ ২৫ জুলাই বাড়িতে নিয়ে আসেন তাঁর সাবেক স্বামী। এরপর দুই রাত তিনি বাদীকে ধর্ষণ করেন এবং তাঁকে বাড়িতে রেখে কাজের কথা বলে ২৭ জুলাই ঢাকায় চলে যান। ২৯ জুলাই অপর আসামিরা ওই শিক্ষিকাকে জোর করে বাড়ি থেকে বের করে দেন।স্কুলশিক্ষিকার সাবেক স্বামী প্রথম আলোকে বলেন, স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। সাবেক স্ত্রীর (মামলার বাদী) সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।