বাগেরহাটে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জাকিয়া সুলতানা (১০) নামের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় জাকিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে কালিম শেখ (১৮) নামের এক যুবকের নাম উল্লেখ করে মামলা করেছেন। জাকিয়া মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাঁতি গ্রামের আবদুল কাদের মোল্লার মেয়ে। সে কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।জাকিয়ার মা ফতেমা বেগম প্রথম আলোকে জানান, জাকিয়া প্রায় দুই সপ্তাহ আগে নানাবাড়ি চিতলমারীর মধ্যপাড়া গ্রামে বেড়াতে যায়। গত বৃহস্পতিবার তিনি জাকিয়াকে নিয়ে যেতে মোল্লাহাট থেকে বাবার বাড়ি আসেন। শনিবার তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। শুক্রবার সকালে জাকিয়া তার ছোট দুই ভাই, এক বোনসহ (৭) প্রতিবেশী কয়েকজন শিশুকে নিয়ে বাড়ির পাশে একটি ইটভাটায় খেলতে যায়। এরপর অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে আর ফেরেনি। শুক্রবার বিকেল থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও জাকিয়াকে পাওয়া যায়নি। ফিরে আসা শিশুদের কাছ থেকে তাঁরা জানতে পারেন, প্রতিবেশী ঠান্ডা শেখের ছেলে কালিম শেখ জাকিয়াসহ অন্য শিশুদের চকলেট খাওয়ায় ও ভ্যানরিকশায় ঘুরিয়ে তাদের নামিয়ে দিয়ে জাকিয়াকে নিয়ে চলে গেছে। খোঁজাখুঁজি করে মেয়েকে বা কালিমকে না পেয়ে জাকিয়ার বাবা শনিবার সকালে চিতলমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন সন্ধ্যায় পুলিশ তাঁর মেয়ের লাশ উদ্ধার করে।পুলিশ জানায়, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় চরপাড়া গ্রামের নাজির শেখ নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি থেকে জাকিয়ার হাত-পা ও মুখ বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাধিক ব্যক্তি ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে জানা যাবে।