বাগেরহাটে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমী ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার চার দিন পর রোববার বিকেলে লাঞ্ছনার শিকার আরেক চিকিৎসক অভিজিৎ মৃধা মামলাটি করেন।
আসামিরা হলেন ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির রেজাউল করিম এবং তাঁর সহযোগী আনোয়ার হোসেন। আনোয়ার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাবেক খাদ্য সরবরাহকারী ঠিকাদার। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চিকিৎসককে মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ শেখ হেলাল উদ্দিন।
৯ মে স্ত্রী ঝর্ণা বেগমকে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমী ইয়াসমিনকে প্রকাশ্যে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে ফকির রেজাউল করিমের বিরুদ্ধে। একই সময়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাবেক খাদ্য সরবরাহকারী ঠিকাদার আনোয়ার হোসেন চিকিৎসক অভিজিৎ মৃধাকে মারধর করেন বলে অভিযোগ।
ফকিরহাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ওসি) প্রিয়াংকা পাল বলেন, গতকাল বিকেলে সাংসদ শেখ হেলাল উদ্দিন মারধরের শিকার চিকিৎসকসহ হাসপাতালের সব কর্মকর্তার সঙ্গে সভা করেন। তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অভিযুক্ত রেজাউল করিম ও তাঁর সহযোগী আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
ফকিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র বলেন, ‘উপপরিদর্শক (এসআই) বিভাস চন্দ্র সাহাকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস বলেন, ‘দলের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য ফকির রেজাউল করিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চিকিৎসকদের ওপর হামলার ওই ঘটনায় ১০ মে প্রথম আলো অনলাইনে ‘বাগেরহাটে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তবে অভিযুক্ত রেজাউল করিমের দাবি, তাঁর শ্বাসকষ্টে ভোগা স্ত্রীকে সময়মতো চিকিৎসা দেয়নি ওই চিকিৎসকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।