বাগেরহাটে নিজের গুলিতে কনস্টেবলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের নিরাপত্তাচৌকির প্রহরী কনস্টেবল প্রলব সেন (২১) নিজের রাইফেলের গুলিতে প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় দায়িত্বরত অবস্থায় এই ঘটনা ঘটে। পুলিশ সুপার তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করে ওই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করেছেন।
প্রলব সেন খুলনার দিঘলিয়া উপজেলার রাধামাধবপুর গ্রামের প্রদীপ সেনের ছেলে। প্রলব সেনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা সাংবাদিকদের বলেন, সকাল আটটায় প্রলব সেন কার্যালয়ের নিরাপত্তাচৌকিতে ডিউটিতে আসেন। তাঁর ডিউটি ছিল সকাল ১০টা পর্যন্ত। ডিউটি শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগে পৌনে ১০টার দিকে নিরাপত্তাচৌকিতে হঠাৎ গুলির শব্দ পেয়ে কার্যালয়ের কর্তব্যরত পুলিশ সদস্যরা ছুটে গিয়ে নিরাপত্তাচৌকির ভেতরে প্রলবকে পড়ে থাকতে দেখেন। ততক্ষণে তাঁর মৃত্যু হয়। তাঁর কাছে থাকা চায়নিজ রাইফেলটি কপালে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সুপার দাবি করেন।
পুলিশ সুপার আরও বলেন, প্রলব সেন প্রশিক্ষণ শেষে গত বছরের ৫ অক্টোবর বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে যোগ দেন। এটি তাঁর প্রথম কর্মস্থল। এখানে যোগদানের পর দুই মাস আগে প্রলব পালিয়ে বাড়িতে চলে যান। পুলিশের চাকরিতে কেন যেন তাঁর অনীহা ছিল। এর এক মাস পরে ফিরে এসে তিনি ভুল স্বীকার করে আবার এখানে যোগ দেন। পারিবারিক কোনো সমস্যার কারণে প্রলব আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।