বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় শিবির কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন চলাকালে বাগেরহাট সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় মাঞ্জারুল ইসলাম নামের ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন দুজন।
আহত ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৪৮) ও মো. রমিজ (৫৫)। গুরুতর অবস্থায় রফিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় কেন্দ্রের কাছে মেগনিতলা বাজারে প্রতিপক্ষের হামলার শিকার হন মাঞ্জারুল ইসলাম। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে থেঁতলে গুরুতর জখম করেন তাঁকে। গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এর জের ধরে ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলাম ও জামায়াতের কর্মী মো. রমিজ আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান কাড়াপাড়ায় মাঞ্জারুলের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিস্তারিত তিনি জানাতে পারেননি।
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি শেখ আবদুল ওয়াদুদ অভিযোগ করে বলেন, ১৯ দলের প্রার্থীদের পক্ষে কাজ করায় আওয়ামী লীগের কর্মীরা মাঞ্জারকে হত্যা করেছেন।
মাঞ্জার বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি বাগেরহাট সরকারি পি সি কলেজের অর্থনীতি বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং জেলা ছাত্রশিবিরের সাথি ছিলেন বলে জানান আবদুল ওয়াদুদ।
সকাল থেকে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব কম। অধিকাংশ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। শহরের খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা ব্যালটে প্রকাশ্যে সিল দিতে বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নাসির উদ্দিন মালেক অভিযোগ করেন, ভোট শুরুর আধা ঘণ্টার মধ্যে শহর ও পার্শ্ববর্তী এলাকার অন্তত ১৫টি ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা।
বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও মংলা উপজেলায় ভোট গ্রহণ চলছে।