বাগেরহাটে নির্বাচনের আগে হামলার ঘটনা বাড়ছে
বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সহিংসতা বাড়ছে। প্রায়ই হামলার ঘটনা ঘটছে। এ অবস্থায় এলাকার নির্বাচনী পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
প্রার্থী ও সাধারণ ভোটারদের নিরাপত্তার স্বার্থে এলাকায় দ্রুত সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। ১৫ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় লোকজন ও দলের কয়েকজন নেতা-কর্মী জানান, গত মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মরগা বাজারে আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেয়। সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খান মুজিবর রহমানের দাবি, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে বিএনপি-সমর্থিত প্রার্থী সৈয়দ নাসির আহমেঞ্চদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসার সামনে সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজমুল হুদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। জেলা বিএনপির সভাপতি এম এ সালাম অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাজমুলকে কুপিয়ে জখম করেছে।
মঙ্গলবার যাত্রাপুর বাজারে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানের ওপর হামলা হয়েছে। সোমবার দুপুরে সন্ত্রাসীরা বেমরতা ইউনিয়নের কোণ্ডলা গ্রামে প্রচারাভিযানে যাওয়া বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীদের মারধর করে পোস্টার ও লিফলেট কেড়ে নেয়।
সৈয়দ নাসির আহমেদ বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা বিভিন্ন স্থানে তাঁর লিফলেট ও পোস্টার ছিঁড়ে ফেলছেন। তাঁর কর্মীদের মারধর ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাননি।
জেলা বিএনপির সভাপতি বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন বিএনপির কোনো অভিযোগ আমলে নিচ্ছে না। বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান বলেন, ‘সব সহিংসতা ঠেকানো যায় না। তবে বিএনপি এ পর্যন্ত যেসব অভিযোগ করেছে, সেগুলোর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ খান মুজিবর রহমান বলেন, ‘সৈয়দ নাসির আহমেদের কর্মীরা আমার কর্মীদের হুমকি দিচ্ছেন। আমাকে ভোট না দিতে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি দেখানো হচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা হাবিবুল হক খান বলেন, ‘বিক্ষিপ্ত কিছু ঘটনার কথা আমরা শুনেছি। বিএনপি এবং জামায়াত-সমর্থিত দুজন প্রার্থীর দুটি অভিযোগ আমরা তদন্ত করছি। আর কিছু সন্ত্রাসী ঘটনা মামলাযোগ্য; সেগুলো আমাদের তদন্তের বিষয় নয়।’