বাগেরহাট শহরের শালতলায় একটি টেলিকম কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানে গণপিটুনিতে নিহত সন্দেহভাজন পাঁচ ডাকাতের মধ্যে তিনজনের লাশ গতকাল শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর হাসপাতাল মর্গ থেকে গতকাল বিকেলে তিনটি লাশ হস্তান্তর করা হয়। আহম্মদ আলীর (৪০) লাশ তাঁর স্ত্রী রেহেনা খাতুনের কাছে, ইমরানের (২২) লাশ তাঁর মা জয়নব খাতুনের কাছে এবং হাফিজুর রহমানের (২৫) লাশ তাঁর মা হাসিনা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। গণপিটুনিতে নিহত পাঁচজনই খুলনা শহরের বাসিন্দা বলে জানা গেছে। বাগেরহাট সদর হাসপাতালের মর্গের সামনে নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, সংবাদপত্রে নিহতদের নাম-পরিচয় দেখে তাঁরা লাশের সন্ধানে বাগেরহাট আসেন। তাঁরা নিহতদের নির্দোষ বলে দাবি করেন। সরকারের উচ্চপর্যায় থেকে এ ঘটনা তদন্তেরও দাবি জানান স্বজনেরা। আহম্মদের স্ত্রী রেহানা আক্তার জানান, তাঁর স্বামী পুরোনো লোহার ব্যবসা করতেন। জয়নব বিবি জানান, তাঁর ছেলে ইমরান টাইলস লাগানোর মিস্ত্রী হিসেবে কাজ করেন। আর হাফিজুরের মা হাসিনা বলেন, তাঁর ছেলে প্লাস্টিক দরজার ব্যবসা করেন। খুলনা শহরের পাওয়ার হাউস মোড়ে ‘খুলনা ডোর সেন্টার’ নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। পাওনা টাকা আদায়ের জন্য তিনি ওই দিন বাগেরহাটে এসেছিলেন বলে দাবি করেন তিনি।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তিরা খুলনা শহরের বাসিন্দা। গতকাল তিনজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।