বাগেরহাটে পথচারী অভয়নগরে পিকআপ চালক নিহত
বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় সঞ্জিত কুমার শীল (৫০) নামের এক পথচারী নিহত ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন। যশোরের অভয়নগর উপজেলার আলীপুরে যশোর-খুলনা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক শিপন হোসেন (৩২) ঘটনাস্থলেই নিহত এবং তাঁর সাহায্যকারীসহ দুজন আহত হয়েছেন।নিহত সঞ্জিত কুমার শীল বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর গ্রামের কেশব লাল শীলের ছেলে। আর শিপন খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত বুধবার রাতে একটি মোটরসাইকেল পশ্চিম সায়েড়া গ্রামে পথচারী সঞ্জিত কুমার শীলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল ১০টার দিকে খুলনা থেকে যশোরগামী পণ্যবাহী একটি ট্রাক অভয়নগর উপজেলার আলীপুর এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর থেকে খুলনাগামী একটি পিকআপকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে পিকআপের চালক মারা যান। এ ছাড়া চালকের সহকারী আসাদ (৩৫) ও পিকআপে থাকা ব্যবসায়ী মানিক মোল্লা (৫০) আহত হন।