বাগেরহাটের রামপাল উপজেলায় প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে গতকাল শনিবার পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের ডাকা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে।পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেয়। আন্দোলনকারীরা দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।আন্দোলনকারীদের বক্তব্য মতে, রামপালের গৌরম্ভা ইউনিয়নের কৈর্গদাশকাঠি ও রাজনগর ইউনিয়নের সাপমারী-কাটাখালী মৌজায় পশুর নদের তীরে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ জন্য এক হাজার ৮৩৪ একর কৃষিজমি অধিগ্রহণও করেছে সরকার। বিশ্বঐতিহ্য সুন্দরবনের আট কিলোমিটারের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের পরিবেশে বিপর্যয় ঘটবে বলে মনে করছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। ওই স্থান থেকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সেভ দি সুন্দরবন, সেন্টার ফর হিউমেন রাইট মুভমেন্ট, সুন্দরবন পর্যটন ক্লাব ও রামপাল কৃষিজমি রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে রামপালের ফয়লা বাজারে খুলনা-মংলা সড়কে গতকাল সকাল ১০টার দিকে সমাবেশ ও মানববন্ধন ডেকেছিল।আয়োজক ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কর্মসূচি পালন করতে আয়োজকেরা সকাল ১০টার দিকে ফয়লা বাজারে গেলে রামপাল থানা ও ফয়লা ক্যাম্পের পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ হেমায়েতুল ইসলাম ও পারভেজ হোসেন নামের দুজনকে আটক করে। ফয়লা বাজারে কর্মসূচি পালন করতে না পেরে আন্দোলনকারীরা প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওই সড়কের বাগেরহাট সদর উপজেলার ভট্টে বালিয়াখালী এলাকায় জড়ো হন। এ সময় শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিল। কিন্তু রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ থানার সীমানা অতিক্রম করে তাদের লাঠিপেটা করে কর্মসূচি পণ্ড করে দেয়। কিছুক্ষণ পর গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। পরে পুলিশ চলে গেলেও আন্দোলনকারীরা আর কর্মসূচি পালন করেননি।কর্মসূচিতে অংশ নিতে রামপালে আসা বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাজাহান মৃধা প্রথম আলোকে বলেন, বিশ্বঐতিহ্য সুন্দরবনের এত কাছে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সুন্দরবন রক্ষা পাবে না। বিপজ্জনক দূরত্ব এড়িয়ে নিরাপদ দূরত্বে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হোক।কর্মসূচিতে বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে শাজাহান মৃধা বলেন, ‘আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা অগণতান্ত্রিক আচরণ। পরিবেশ বিষয়ে আমরা সব সময় বিশেষজ্ঞ মতামত দিয়ে সরকারকে সহযোগিতা করছি। কিন্তু পুলিশ বেআইনিভাবে আমাদের দুই আন্দোলনকারীকে আটক করে।’ভূমি, পানি, কৃষি ও বনসম্পদ রক্ষা জাতীয় কমিটির সমন্বয়কারী প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, বিদ্যুৎকেন্দ্রের মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য চার ধরনের সমীক্ষা করা প্রয়োজন। এর একটিতেও সুন্দরবনের পাশে কৃষিজমিতে এই প্রকল্প স্থাপনের যৌক্তিকতা প্রতিষ্ঠিত করার সুযোগ নেই। কিন্তু সরকার গোজামিল দিয়ে গোপনে এ সব সমীক্ষা করেছে।কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা থেকে আসা বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন সেভ দি সুন্দরবনের প্রধান সমন্বয়কারী শেখ ফরিদুল ইসলাম, সুন্দরবন গবেষক আবদুল মালেক গাজী, সদরুল আমিন, মঞ্জুরুল আহসান, সেন্টার ফর হিউমেন রাইট মুভমেন্টের মহাসচিব মুজাহিদুল ইসলাম, সংগঠনের প্রধান আইনজীবী মো. সিদ্দিক আহমেদ প্রমুখ।কর্মসূচি পণ্ড করার ব্যাপারে রামপাল থানার ওসি সাহিদুল ইসলাম বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেওয়া ওই কর্মসূচির কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুজনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।রামপাল থানার সীমানা অতিক্রম করে সদর থানা এলাকায় ঢুকে লাঠিপেটা করে কর্মসূচি পণ্ড করে দেওয়ার বিষয়ে ওসি কোনো কথা বলতে রাজি হননি।