বাগেরহাটে পাঁচ দিনে বাস্তবায়িত হবে সহস্রাধিক প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে চলতি মাসের শেষ পাঁচ দিনে এক হাজার ১৮১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি এবং সাংসদদের জন্য বরাদ্দ হওয়া নগদ টাকা ও খাদ্যশস্যের মাধ্যমে এ মাসেই এসব প্রকল্পের কাজ শেষ করার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এত অল্প সময়ে এত প্রকল্পের বাস্তবায়নে প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন।মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের প্রকল্পের আওতায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, জনকল্যাণমূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ পাঁচ মেট্রিকটন গম অথবা চার মেট্রিকটন চালের সমমূল্যের অর্থাৎ, এক লাখ ২০ হাজার টাকা দেওয়া যাবে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, টেস্ট রিলিফের (টিআর) আওতায় প্রায় ৭৮৯ মেট্রিকটন গমের বিনিময়ে জেলার নয়টি উপজেলা এবং তিনটি পৌরসভায় ৫৩৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। জেলার চারজন সাংসদের জন্য বরাদ্দ করা এক কোটি ২০ লাখ টাকায় ৩৩৬টি এবং ৪০০ মেট্রিকটন গমের বিনিময়ে ২৮৯টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট সংরক্ষিত মহিলা আসনের দুজন সাংসদের মাধ্যমে বরাদ্দ পাওয়া সাত লাখ ৪৫ হাজার টাকায় চারটি উপজেলায় ১৯টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। আগামীকাল রোববার এসব প্রকল্পের জন্য টাকা ও গম ছাড় করানোর কাজ শুরু হবে। এরপর শুরু হবে প্রকল্পের কাজ।ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ‘সময়স্বল্পতা একটি সমস্যা। আগামী রোববারের আগে প্রকল্পের জন্য টাকা বা গম ছাড় করানো সম্ভব হবে না। তবে প্রকল্পগুলো প্রতিষ্ঠানকেন্দ্রিক, রাস্তার সংস্কার বা মাটি ভরাটের মতো অবকাঠামোগত উন্নয়নের নয়। তাই এ ধরনের প্রকল্পের বাস্তবায়নকাজ তদারক করা তুলনামূলক সহজ হবে।’ তাঁর উপজেলায় মোট ১০৪টি প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা।মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘সময়স্বল্পতার কারণে কিছু সমস্যা হবে। তবে নির্দেশনা অনুযায়ী, আমাদের ৩০ জুনের মধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শেষ করতে হবে। আমরা প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখার চেষ্টা করব।’ তাঁর উপজেলায় ৮৯টি প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা।জেলা প্রশাসক আকরাম হোসেন বলেন, প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তা ছাড়া প্রকল্পগুলো প্রতিষ্ঠানভিত্তিক। তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিগুলোও প্রকল্পের মান বজায় রাখতে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।