বাগেরহাটে পাঁচ হাজার জেলে ভিজিএফের চাল পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা আহরণে বিরত থাকা বাগেরহাটের প্রায় পাঁচ হাজার জেলে পরিবার এখনো সরকারঘোষিত বিশেষ ভিজিএফের চাল পায়নি।জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকানিধন প্রতিরোধের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর প্রান্তিক জেলেদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মার্চ থেকে মে মাস পর্যন্ত মাসে ২০ কেজি করে চাল দেওয়ার কথা। বাগেরহাটের সাতটি উপজেলার পাঁচ হাজার ১৯৪টি জেলে পরিবারের মধ্যে বিতরণের জন্য প্রায় ৩১২ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। উপজেলাগুলো হলো—বাগেরহাট সদর, কচুয়া, রামপাল, মংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা।খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে এক মাস পার হলেও ক্ষতিগ্রস্ত জেলেরা এখন পর্যন্ত এই চাল পাননি। শরণখোলার খোন্তাকাটা মৎস্যজীবী (জেলে) সমবায় সমিতির সভাপতি দুলাল ফরাজি জানান, স্থানীয় তিনটি সমিতির আওতায় প্রায় দুই হাজার প্রান্তিক মৎসজীবী পরিবার রয়েছে। তাদের সমিতির আড়াই শতাধিক জেলের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তবে তাঁরা এখনো ভিজিএফ-সহায়তা পাননি।জাতীয় মৎস্যজীবী সমিতি মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সালেহ ফরাজি জানান, এ উপজেলার এক হাজার ৬৫০ জন জেলেকে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু তাঁরা এখনো ভিজিএফ-সহায়তা পাননি। উপজেলা মৎস্য অফিস থেকে বলা হয়েছে, জেলা সদর থেকে তালিকা অনুমোদন হয়ে এলে চাল দেওয়া হবে। শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও মো. ইয়াকিন আলী জানান, তাঁরা নিজ নিজ উপজেলার তালিকা অনুমোদনের জন্য ইতিমধ্যে জেলা মৎস্য অফিসে পাঠিয়েছেন।জেলা মৎস্য কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, সাত উপজেলার পাঁচ হাজার ১৯৪টি জেলে পরিবারের মধ্যে বিতরণের জন্য প্রায় ১০৪ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। মার্চের প্রথম সপ্তাহে এ-সংক্রান্ত নির্দেশনা পেয়ে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তাদের প্রান্তিক মৎস্যজীবীদের তালিকা করতে বলা হয়েছে। তবে তিনটি উপজেলা থেকে এখনো তালিকা জেলা মৎস্য অফিসে পৌঁছায়নি। এগুলো পেলে চলতি মাসেই তালিকাভুক্ত জেলেদের মধ্যে এই চাল বিতরণ শুরু করা সম্ভব হবে।