বাগেরহাটে পাঁচজনের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামের তাজ হোসেন মীরকে (২৫) হত্যা ও লাশ গুমের চেষ্টার দায়ে আদালত নিহত ব্যক্তির খালাতো ভাই রিন্টু মীরসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ওই পাঁচজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মোহা. মহিদুজ্জামান গতকাল মঙ্গলবার এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কাঠগড়ায় ছিলেন। তাঁরা হলেন সদর উপজেলার পাটরপাড়া গ্রামের রিন্টু মীর, জিয়াউদ্দিন জিয়া, মান্নান মীর, সুন্দরঘোনা গ্রামের ফয়েজুল চৌধুরী ও শেখ আলফাজ হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাঈদ শেখকে খালাস দেন আদালত।
এ মামলার আসামিপক্ষের আইনজীবী এ কে আজাদ ফিরোজ বলেন, আদালত তাজ হত্যার দায়ে যে পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন, তাঁরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। অভিযোগপত্রে পুলিশ টাকা ও মুঠোফোনের জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে দাবি করলেও রাষ্ট্রপক্ষ সুস্পষ্টভাবে তা প্রমাণ করতে পারেনি। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বাগেরহাট আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ আলী।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুন রাতে পাটরপাড়া গ্রামের মোহছেন মীরের ছেলে তাজ হোসেন মীরকে তাঁর খালাতো ভাই রিন্টু মীরসহ কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে মারপিট ও শ্বাসরোধে হত্যার পর গুম করার উদ্দেশ্যে লাশ মাটিচাপা দেওয়া হয়। তাজের খোঁজ না পেয়ে তাঁর মা মুসলিমা বেগম ঘটনার ১১ দিন পর রিন্টু মীরসহ চারজনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন। পুলিশ অভিযুক্ত রিন্টু মীরকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ও সহযোগীদের নাম প্রকাশ করেন। রিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১৫ জুলাই তাজের বাড়ির পাশের এলাকার একটি খেজুরবাগান থেকে তাজের লাশ উদ্ধার করে।