বাগেরহাটে পানিতে পড়ে কার্গোশ্রমিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে বালু উত্তোলনের কার্গো থেকে পড়ে তাহের মোল্লা (৫২) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁকে উদ্ধারে দমকল বিভাগের ডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশি করছে। তবে সন্ধ্যা পর্যন্ত ওই শ্রমিকের সন্ধান মেলেনি।

নিখোঁজ তাহের মোল্লা বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের প্রয়াত নুর মোল্লার ছেলে। তিনি বালু উত্তোলনের কাজে নিয়োজিত এমভি রাহাত তামিম কার্গোর শ্রমিক। যাত্রীবাহী একটি বড় নৌযানের ঢেউয়ের ধাক্কায় তাহের বালু তোলা কার্গো থেকে পড়ে গিয়েছিলেন।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) কালাম মোড়ল সন্ধ্যায় বলেন, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে আসা এমভি বাঙালি নামে একটি রকেট যাত্রী নিয়ে মোরেলগঞ্জের পানগুছি নদী দিয়ে যাচ্ছিল। রকেটের ঢেউয়ের তোড়ে কার্গোর পাশে বসে থাকা তাহের মোল্লা পানিতে পড়ে যান। কার্গোর অন্য শ্রমিকেরা পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে দমকল বিভাগকে খবর দেন। চার সদস্যের একটি ডুবুরি দল সেখানে গিয়ে নিখোঁজ তাহের মোল্লার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।