বাগেরহাটে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার গাববুনিয়া গ্রামের নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তিনি মারা গেছেন। অন্যদিকে পুলিশের দাবি, টেম্পোর ধাক্কায় নজরুলের মৃত্যু হয়েছে। নজরুলের মৃত্যুর ঘটনায় তাঁর আত্মীয়স্বজনসহ স্থানীয় লোকজন ভাগা-রামপাল সড়ক অবরোধ করে।পরিবার সূত্র জানায়, সম্প্রতি নজরুলের ছোট ভাইয়ের স্ত্রী সাফায়ারা নির্যাতনের অভিযোগে রামপাল থানায় নজরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। নজরুলের পরিবারের অভিযোগ, ওই অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে পুলিশ নজরুলকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁর ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। এতে নজরুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওই রাতেই নজরুল মারা যান। নজরুল পেশায় ছিলেন কাঠমিস্ত্রি।স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুলের মৃত্যুর খবরে তাঁর আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন গতকাল রোববার দুপুরে ঝনঝনিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাগা-রামপাল সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম বলেন, নজরুল শনিবার সকালে থানায় এসে তাঁর ছোট ভাইয়ের স্ত্রীর অভিযোগের বিষয়টি মীমাংসার ব্যাপারে কথা বলেন। পরে তিনি থানা থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান। রামপাল উপজেলা সদরের খামখেয়ালীর মোড়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি টেম্পো তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।রামপালের ঝনঝনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কৃষ্ণ বাইন বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন সড়ক দুর্ঘটনায় আহত নজরুলকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।