বাগেরহাটে পোলট্রি শিল্পে অস্থিরতা
‘একটা-দুইটা মুরগি মরলেই খামারের বাকি মুরগি বিক্রি করে দেন খামারিরা। রাণীক্ষেত না বার্ড ফ্লু পরীক্ষা করার সময় নাই। সরকারি ক্ষতিপূরণ সহজে পাওয়া যায় না। তাই খামারিরা এখন আতঙ্কে থাকেন। কারণ সরকারি লোকজন খবর পেলেই ছুটে এসে মুরগি ধ্বংস করে ফেলবে।’ বাগেরহাটে পোলট্রি শিল্পে অস্থিরতা সম্পর্কে এভাবেই নিজের অভিব্যক্তি বর্ণনা করলেন সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মুরগির খামারি রিপন মিয়া।জেলা প্রাণিসম্পদ বিভাগ সংকটপূর্ণ এই পরিস্থিতির কথা স্বীকার করে জানিয়েছে, চলতি মৌসুমে মংলা উপজেলায় মাত্র একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। গত ডিসেম্বরে সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামের ওই খামারে সাত শতাধিক মুরগি ও দেড় হাজার ডিম ধ্বংস করা হয়। বাগেরহাটের খামারিরা এখন অতিরিক্ত সতর্কতার কারণে না বুঝেই মুরগি বিক্রি করে দিচ্ছেন। ফলে একদিকে খামারিরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে বাজার অস্থির হয়ে উঠছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলায় এক হাজার ২৪৯টি নিবন্ধিত ও ৮৫৫টি অনিবন্ধিত মুরগির খামার ছিল। এ বছর বার্ড ফ্লুর ভয়ে বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে বলে তাঁরা ধারণা করছেন। এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে বার্ড ফ্লু প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ চলছে বলে জানা গেছে। জেলার ১৫টি গুরুত্বপূর্ণ বাজারে একটি করে স্প্রে মেশিন ও জীবাণুনাশক গুঁড়ো ওষুধ সরবরাহ করা হয়েছে। শিখিয়ে দেওয়া হয়েছে স্প্রে মেশিন ব্যবহার করে মুরগির খাঁচা ও আশপাশের স্থান জীবাণুমুক্ত রাখার কৌশল। কিন্তু খামারিদের আতঙ্ক ও অনিশ্চয়তা তাতে কমেনি।বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর, বারুইপাড়া, ফকিরহাট উপজেলার ভট্টপ্রতাপ ও বেতাগাঁ এলাকার কয়েকজন খামারির সঙ্গে কথা বলে জানা যায়, ডিমপাড়া মুরগির (লেয়ার) ক্ষেত্রে ক্ষতিপূরণ এবার ১০০ টাকা করা হয়েছে। গতবার তা ২০০ টাকা ছিল। ফলে কোনো খামারে মুরগি মারা গেলে তা খামারিরা গোপন করে যাচ্ছেন এবং দ্রুত জীবিত মুরগি বিক্রি করে দিয়ে পুঁজি তুলে নেওয়ার চেষ্টা করছেন।যাত্রাপুর গ্রামের রাশেদুল ইসলামের খামারে গত বছরের ৫ মার্চ, একই গ্রামের রবিউল ইসলামের খামারে গত বছরের ১২ মার্চ বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দেয়। তখন ওই দুটি খামারে চার হাজার ১১৯টি মুরগি, ছয় শতাধিক ডিম ও খাবার ধ্বংস করা হয়। এ বাবদ আট লাখ ২৭ হাজার টাকা ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তাঁরা কোনো ক্ষতিপূরণ পাননি।বারুইপাড়া গ্রামের খামারি জাহিদুল ইসলাম বলেন, ‘চারদিকে মুরগি মারা যাওয়ার কথা শুনি। সরকারি ক্ষতিপূরণের টাকা পাওয়া যায় না। আমার যৌথ খামারে ১০ হাজার মুরগি ছিল। ঝুঁকি এড়াতে পাঁচ হাজার বিক্রি করে দিয়েছি। এলাকার অন্য খামারিরাও মুরগি কমিয়ে ফেলেছেন।’খামারিদের ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করা প্রসঙ্গে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র লাল সাহা বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলে একাধিক চিঠি দেওয়া হয়েছে। টাকা ছাড় হলেই ক্ষতিপূরণ দেওয়া হবে। এ বছর লেয়ার মুরগিপ্রতি ক্ষতিপূরণের ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকায় আনা হয়েছে।’