বাগেরহাটে প্রকল্পের নামে শিক্ষকদের সঙ্গে প্রতারণা
প্রমোট-২ নামে একটি প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে একটি চক্র বাগেরহাটের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। গত এক সপ্তাহে জেলার অর্ধশতাধিক প্রধান শিক্ষকের কাছ থেকে চক্রটি এভাবে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।সদর উপজেলার কে বি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরষিৎ সাহা জানান, সোমবার বিদ্যালয়ে গিয়ে তিনি ডাকযোগে পাঠানো একটি চিঠি পান। শিক্ষা মন্ত্রণালয় ও ইউরোপিয়ান কমিশনের লোগো-সংবলিত প্যাডে ওই চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিদ্যালয় উন্নয়নের জন্য এককালীন কিছু আর্থিক সাহায্য করিতে ইচ্ছুক। চিঠি পাওয়া মাত্র মোবাইলে কথা বললে বাধিত হব। আপনাকে ধন্যবাদ।’চিঠি পেয়ে তিনি তাঁর মোবাইল ফোন থেকে চিঠিতে উল্লিখিত প্রকল্প পরিচালকের ০১৫৫৬-৫৫৮৩১৩ নম্বরের ফোন করেন। কথিত প্রকল্প পরিচালক তাঁকে বলেন, ‘আপনার স্কুলে একটি কক্ষ নির্মাণের জন্য ছয় লাখ টাকা দেওয়া হবে। এ জন্য আপনি যোগাযোগ রাখবেন। আপাতত শিক্ষাসচিব আতাউর রহমানের ০১৭৩৭-৭৩৫৩৩৬ নম্বরে কিছু টাকা ফ্লেক্সিলোড করে পাঠান।’ এরপর এ নম্বরে তিনি ৬০০ টাকা ফ্লেক্সিলোড করে আবার কথিত প্রকল্প পরিচালককে ফোন করলে তিনি অন্য একটি নম্বর দিয়ে আরও কিছু টাকা ফ্লেক্সিলোড করতে বলেন। এতে তার সন্দেহ হলে তিনি টাকা পাঠানো থেকে বিরত থাকেন। একইভাবে প্রতারণার শিকার হন সদর উপজেলার বৈটপুর মোমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহা শীতল চন্দ্র এবং চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ফারুক আহমেদ। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আবদুল ওয়াদুদ এ বিষয়ে বলেন, প্রকল্পটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এটি একটি প্রতারক চক্রের কারসাজি। তাঁদের সঙ্গে কথা না বলে শিক্ষকেরা এদের ফাঁদে পা দিয়ে টাকা পয়সা খুইয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ না করে এ ধরনের কোনো চিঠিকে গুরুত্ব না দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।