বাগেরহাটে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে গতকাল বৃহস্পতিবার সকালে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ (বাগেরহাট সদর উপজেলা শাখা) ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামের দুটি সংগঠন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের ফাঁসির রায় কার্যকর ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা এই মিছিল ও সমাবেশ করে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের সাংসদ মীর শওকাত আলী বাদশা। প্রকাশ্যে কয়েকটি একনলা ও দোনলা বন্দুক নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান সরকারের অযাচিত মন্তব্যের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাস্তবায়ন মঞ্চের জেলা কমিটির আহ্বায়ক শেখ শওকত হোসেন, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বাদশা প্রমুখ।
আগ্নেয়াস্ত্র বহন করার কারণ জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের মিছিলে চারটি বৈধ আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্রের বৈধ মালিকেরাই তা বহন করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান সরকারের নাক গলানোর দুঃসাহস এবং এ দেশে তাদের দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এটা ছিল একটি প্রতীকী প্রদর্শন। আমরা তাদের বোঝাতে চেয়েছি, মুক্তিযোদ্ধারা এখনো অস্ত্র হাতে তাদের মোকাবিলা করতে প্রস্তুত।’