বাগেরহাটে প্রচণ্ড ঝড়, বাঁধ ভাঙার আশঙ্কা
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বাগেরহাটের ওপর দিয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে। চলছে মাঝারি বর্ষণ। জেলার সব স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় একটি বেড়িবাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুন অর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, ঝড়ে অনেক গাছপালা উপড়ে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভাটা থাকায় বলেশ্বর নদের পানি এখনো স্বাভাবিক। তবে তাফালবাড়ি এলাকার রায়েন্দা গ্রামসংলগ্ন বেড়িবাঁধটি দুর্বল হওয়ায় জোয়ারের পানিতে এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ওই ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে। ইউপি সদস্য নিজেও একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম জানান, তাঁর এলাকায় এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।