বাগেরহাটে প্রচারযানে আগুন, মোরেলগঞ্জে বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মিনা হাসিবুল হাসানের প্রচারকাজে নিয়োজিত একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের হাড়িখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এদিকে মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুল মজিদ হাওলাদারের বাড়িতে সোমবার দুপুরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
এসব ঘটনায় এক সাংবাদিকসহ অন্তত পাঁচ ব্যক্তি আহত হন। উভয় প্রার্থী এই ঘটনার জন্য নিজ এলাকার আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের দায়ী করেছেন।
তবে বাগেরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী খান হাবিবুর রহমান ও মোরেলগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মনিরুল হক তালুকদার এসব অভিযোগ অস্বীকার করেছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওই মাইক্রোবাসের চালক কবীর শেখ, মোরেলগঞ্জ বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুল মজিদ হাওলাদার, তাঁর স্ত্রী রিনা বেগম, ছোট ভাই আবদুল আহাদ ও গাজী টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি জামাল হোসেন। কবীর শেখ বলেন, সন্ধ্যার কিছু আগে তিনি স্বতন্ত্র প্রার্থী মিনা হাসিবুল হাসানের আট-নয়জন কর্মী নিয়ে মাইক্রোবাসে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েক যুবক তাঁদের গতিরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। যুবকদের হামলায় তিনিও আহত হন। মাইক্রোবাসের মালিক তাপস সাহা বলেন, মাইক্রোবাসটি তিনি ভাড়া দিয়েছিলেন।
আবদুল মজিদ বলেন, সোমবার দুপুরে সেরেস্তাদার বাড়ি সড়কে তাঁর বাড়িতে ২০-২৫ ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়ির মালামাল ভাঙচুর করে। এ সময় তিনি, তাঁর স্ত্রী ও ছোট ভাই আহত হন।
সাংবাদিক জামাল হোসেন বাপ্পা বলেন, বিএনপি প্রার্থীর বাড়িতে হামলার খবর সংগ্রহের জন্য তিনি সেখানে যান। ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে মোটরসাইকেলটি পাশের খালে ফেলে দেয়। তারা তাকে মারধর করে দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বিএনপির মেয়র পদপ্রার্থীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, মেয়র পদপ্রার্থী মিনা হাসিবুল হাসানের প্রচারযানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।