বাগেরহাটে প্রাচীন বটগাছ রক্ষায় আজ মানববন্ধন, গণ-অনশন
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভজনতলা সর্বজনীন রাধা-গোবিন্দ ও কালীমন্দির চত্বরের একটি প্রাচীন বটগাছ কেটে সেখানে দুর্গামন্দির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্দির ব্যবস্থাপনা কমিটি। গাছ কাটার সিদ্ধান্তে মন্দির ব্যবহারকারী হিন্দুসম্প্র্রদায়ের একাংশসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বটগাছ রক্ষায় মানববন্ধন ও গণ-অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।মন্দিরের কালীমন্দির অংশের পরিচালনা কমিটির সভাপতি পঙ্কজ দেবনাথ গাছ কাটা বন্ধের দাবিতে ১৪৪ ধারা জারি এবং স্থিতাবস্থা জারির আবেদন জানিয়ে ২২ নভেম্বর বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা করেন। আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তপূর্বক শান্তিশৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আগামী ১৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন আদালত।এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে ‘ভজনতলা বট গাছ রক্ষা কমিটি’র ব্যানারে আজ সোমবার চুলকাঠি বাজারে মানববন্ধন ও দিনব্যাপী গণ-অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তাঁরা ঐতিহ্যবাহী এই গাছটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।জানা গেছে, চুলকাঠি ভজনতলা সর্বজনীন রাধা-গোবিন্দ ও কালীমন্দির চত্বরে দুই শতাধিক বছরের পুরোনো একটি বটগাছ ছিল। সেই মূল বটগাছটি এখন আর নেই। সেই গাছের ডাল থেকে বের হওয়া শেকড় থেকে প্রায় ২৫ গজ দূরে বর্তমান গাছটির জন্ম। এ গাছটির বয়সও ৫০ বছর ছাড়িয়েছে বলে এলাকাবাসী ও মন্দির কমিটির সদস্যরা জানান।তবে গাছ কাটার পক্ষে যুক্তি তুলে ধরে ভজনতলা সর্বজনীন রাধা-গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার নন্দী বলেন, প্রাকৃতিক দুর্যোগে গাছটি ভেঙে পড়তে পারে—এই আশঙ্কায় মন্দিরের সীমানার বাইরে উত্তর ও পশ্চিম পাশে বসবাসকারী চার-পাঁচটি পরিবার কয়েক বছর ধরে গাছটি কেটে ফেলার জন্য মন্দির কমিটির কাছে আবেদন করে আসছে। এ অবস্থায় তাঁরা গাছটি কেটে সেখানে দুর্গামন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গাছটি ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।বটগাছ রক্ষায় দায়ের করা মামলার বাদী পঙ্কজ কুমার দেবনাথ বলেন, ‘গাছটি আমাদের এলাকার ঐতিহ্য। এলাকায় এখন আর এত প্রাচীন গাছ নেই। তাই আমরা এ গাছ কাটতে দিতে চাই না।’ তিনি বলেন, এই মন্দিরের জমিদাতারা এখানে দুর্গামন্দির প্রতিষ্ঠার জন্য জমি দেননি। এ ছাড়া মন্দিরের কেনা আরও জমি রয়েছে। কিন্তু তাঁরা আমাদের সঙ্গে জেদ করে গাছ কেটে দুর্গামন্দির প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।’জোর করে দুর্গামন্দির স্থাপনের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন রাধা-গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার নন্দী।চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, ২৫ নভেম্বর তিনি মন্দিরে গিয়ে গাছ কাটা বন্ধ করেছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষকে নোটিশ করে শান্তিশৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়েছেন। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বটগাছ এলাকায় ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে।