বাগেরহাটে বাবা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা গাজী (৪৫) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামের মোতাহার আলী গাজীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আদালত ও মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি সকালে বাদশা গাজীকে দোকান থেকে ওষুধ আনতে বলেন তাঁর অসুস্থ বাবা মোতাহার গাজী। দুপুরে বাদশা ওষুধ না নিয়ে বাড়ি ফিরলে বাবা তাঁকে বকাবকি করেন। একপর্যায়ে ছেলে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে বাবার মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মোতাহারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আবদুল হক গাজী বাদী হয়ে বড় ছেলে বাদশা গাজীর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মোরেলগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গৌতম হালদার মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন।