বাগেরহাটে বাস খাদে, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ শনিবার সন্ধ্যায় খুলনা-মংলা মহাসড়কে উপজেলার ভাগা চেয়ারম্যানবাড়ির মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আবদুস সোবাহান খান (৪২)। তাঁর কাছে থাকা একটি পরিচয়পত্র থেকে এই পরিচয় জানা গেছে। পুলিশ জানিয়েছে, তারা আবদুস সোবাহান খানের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছেন।

বাগেরহাট মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফারাজী প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মংলা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এটি ভাগা চেয়ারম্যানবাড়ির মোড়ের কাছে আসার পর সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লেগে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তিনি বলেন, স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।