বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুর গ্রামে আজ শনিবার ভোরে দিগন্ত পরিবহন নামের যাত্রীবাহী একটি নৈশ কোচ খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন।

শিবপুর মোড়ে বাগেরহাট-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৩৮)। তিনি বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত হাশেম উদ্দিন শখের ছেলে। ইলিয়াস পেশায় বাসচালক। আহত ব্যক্তিদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এলাকাবাসী, পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াস শেখ মারা যান।

বাগেরহাট ফায়ার ব্রিগেডের উপসহকারী পরিচালক নজরুল ইসলাম সকাল সোয়া ১০টার দিকে প্রথম আলোকে জানান, উল্টে যাওয়া বাসের নিচে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চাপা পড়ে আছেন ওই বাসের চালকের সহকারী মান্না। তিনি জীবিত আছেন। তাঁর বাড়ি খুলনার সোনাডাঙ্গায়। সকাল সোয়া ১০টা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে খুলনা থেকে সরঞ্জাম আনার উদ্যোগ নেওয়া হয়েছে।  

বাগেরাহট সদর হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা মশিউর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, বাস দুর্ঘটনায় আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে  নেওয়া হয়েছে। তাঁর লাশ মর্গে রয়েছে।