বাগেরহাটে বাসশ্রমিকদের হাতে র‌্যাব অবরুদ্ধ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল শুক্রবার সকালে এক বাসচালককে মারধর করার জের ধরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টহলদলের সদস্যদের অবরুদ্ধ করে রাখেন বাসশ্রমিকেরা। র‌্যাব সদস্যদের উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকেরা র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করেন। এতে সকালে প্রায় এক ঘণ্টা বাস টার্মিনাল থেকে খুলনা ও পিরোজপুর রুটে বাসচলাচল বন্ধ থাকে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবহনশ্রমিকদের সূত্রে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বাগেরহাট বাস টার্মিনালের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস সকাল আটটার দিকে সদর উপজেলার বাদামতলা এলাকার র‌্যাব সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসকে অতিক্রম করে। মাইক্রোবাসের সঙ্গে বাসটির ঘষা লাগে। র‌্যাবের সদস্যরা বাগেরহাট বাস টার্মিনালে এসে চালক আলমগীর হোসেনকে বাস থেকে নামিয়ে বেদম মারধর করে। র‌্যাবের সদস্যরা আলমগীরকে মাইক্রোবাসে তুলে নিতে গেলে শ্রমিকেরা বাধা দেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা র‌্যাবের মাইক্রোবাসটি ভাঙচুর করেন এবং র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।খবর পেয়ে বাগেরহাট থেকে পুলিশ এবং খুলনা থেকে র‌্যাব-৬-এর একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। এতে মতিয়ার রহমান নামের এক পুলিশ কনস্টেবল আহত হন। কনস্টেবল মতিয়ার এবং বাসচালক আলমগীরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে বাস মালিক ও শ্রমিক নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। র‌্যাব-৬-এর মেজর এ কে এম কামরুজ্জামান জানান, র‌্যাবের দলটি টার্মিনালে এসে চালককে ক্ষতিপূরণ দিতে বললে শ্রমিকেরা তাদের ওপর হামলা চালান এবং অবরুদ্ধ করে রাখেন।