বাগেরহাটে বাসে দ্বিগুণ ভাড়া, বিপাকে যাত্রীরা
বাগেরহাট সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের কাছ থেকে অস্বাভাবিক হারে বাসভাড়া আদায় করা হচ্ছে। ঈদের পর আট দিন চলে গেলেও বাসমালিকদের এই বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়নি। এতে মানুষ প্রচণ্ড হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ঈদুল ফিতর সামনে রেখে বাসমালিকেরা প্রতিবছরই কয়েক দিনের জন্য বাড়তি ভাড়া আদায় করে থাকেন। কিন্তু এভাবে ঈদের আগে ও পরে ১০ থেকে ১৫ দিন ধরে বাড়তি ভাড়া আদায়ের নজির এই প্রথম। এ বিষয়ে প্রশাসন হস্তক্ষেপ না করায় এবং সুষ্ঠু নীতিমালা না থাকায় হাজার হাজার যাত্রী প্রচণ্ড হয়রানির শিকার হচ্ছে।বিভিন্ন যাত্রীবাহী বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে খুলনা ও যশোর হয়ে আরিচা পথে ঢাকার গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত রুটে চলাচলকারী সোহাগ, দ্রুতি, দিগন্ত, ঈগল প্রভৃতি পরিবহনে স্বাভাবিক সময়ে ৩৮০ টাকা করে ভাড়া নেওয়া হতো। কিন্তু ঈদের তিন-চার দিন আগে থেকে তাঁরা ১০০ টাকা বাড়তি ভাড়া নিচ্ছেন।শরণখোলা উপজেলা থেকে বাগেরহাট হয়ে মাওয়া রুটে সায়েদাবাদ পর্যন্ত চলাচলকারী (লঞ্চ পারাপার) আরা ও দোলা পরিবহনসহ কয়েকটি বাসে এখন ৪০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে এই ভাড়া ছিল ২০০ টাকা। একই রুটে ফেরি পারাপারের বাস ফাল্গুনী, সুন্দরবন, পর্যটক, বনফুল, মেঘনা প্রভৃতি পরিবহনে ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ টাকা করে। স্বাভাবিক সময়ে এই ভাড়া ছিল সর্বোচ্চ ২৫০ টাকা। রামপাল উপজেলা থেকে সায়েদাবাদ রুটে চলাচলকারী হামিম পরিবহন ও মংলা উপজেলা থেকে সায়েদাবাদ রুটে চলাচলকারী পর্যটক পরিবহনেও ২৫০ টাকার স্থলে ৫০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।এ ছাড়া বাগেরহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচলকারী কমফোর্ট, রূপসা, পদ্মা, উত্তরণ, শতাব্দী প্রভৃতি বাসে জনপ্রতি ৯০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে এই ভাড়া ছিল ৫০০ টাকা। বাগেরহাট থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ৩৫০ টাকা এবং রংপুর পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ টাকা। স্বাভাবিক সময়ে এই ভাড়া যথাক্রমে ২৫০ ও ৩০০ টাকা। পর্যটক পরিবহনের শরণখোলা কাউন্টারের পরিচালক কবির হাওলাদার ও মোরেলগঞ্জ কাউন্টারের পরিচালক আবদুর রব এ প্রতিবেদককে বলেন, মালিকপক্ষের নির্দেশে ঈদের সময় ভাড়া বাড়ানো হয়েছে। তাঁদের নির্দেশ পেলে আবার ভাড়া কমিয়ে দেওয়া হবে।বাগেরহাট বাস টার্মিনালের আরা পরিবহনের কাউন্টার পরিচালক শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে যাত্রী কম থাকায় মালিকের যে ক্ষতি হয় তা পুষিয়ে নিতেই ভাড়া বাড়ানো হয়েছে। মালিকপক্ষের অনুমতি পেলে শিগগিরই আগের ভাড়া নেওয়া হবে। জেলা প্রশাসক মো. আকরাম হোসেন বলেন, বাড়তি ভাড়ার ব্যাপারে কেউ তাঁর কাছে কোনো অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।