বাগেরহাটে বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ নিহত ২
বাগেরহাটের কচুয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া স্কুলশিক্ষকসহ আহত হয়েছেন তিনজন।
আজ বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার বাধাল বাজারে পিরোজপুর-বাগেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বাধাল বিকে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার ও মোটরচালিত ভ্যান-রিকশার চালক আল আমিন।
আহত ব্যক্তিরা হলেন নিহত ফারজানার বাবা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ উদ্দিন শেখ, একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিনারা বেগম ও অষ্টম শ্রেণীর ছাত্র শিমুল চক্রবর্তী। তাঁদের বাড়ি কচুয়া উপজেলার বাধাল ও মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী একটি বাস কচুয়া উপজেলার বাধাল বাজারে পৌঁছে পেছন থেকে মোটরচালিত একটি রিকশাভ্যানকে ধাক্কায় দেয়। এতে স্কুলছাত্রী ফারজানা ও রিকশাভ্যানচালক আল আমিনসহ পাঁচজন গুরুতর আহত হন। আল আমিন ঘটনাস্থলে মারা যান। বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে ফারজানার মৃত্যু হয়। আহত তিনজনকে চিকিত্সার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।