বাগেরহাটে বিএনপি নেতা গ্রেপ্তার
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের লঞ্চঘাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা বিএনপি এক বিবৃতিতে মাহবুবুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে।এদিকে চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল হক বিশ্বাসকে পুলিশ একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। গত ২৮ নভেম্বর আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের মামলায় মোমিনুল বাগেরহাট কারাগারে রয়েছেন। গতকাল ওই মামলায় জামিন পেলেও পুলিশ অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিশারুল ইসলাম বলেন, মাহবুবুরকে সদর উপজেলার সদুল্লাপুর গ্রামের আফসার মীর হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৬ জুলাই সদর উপজেলার বাগমারা গ্রামের একটি ডোবা থেকে আফসারের লাশ উদ্ধার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, মাহবুবুর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় যুবদল নেতা রাজ্জাক হত্যাসহ, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশের ওপর হামলা, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে কমপক্ষে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে রয়েছেন।