বাগেরহাটে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের মুনিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে গতকাল মঙ্গলবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করা হয়।বিএনপির সূত্র জানায়, সকালে শহরের পুরোনো বাজারে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দলের শতাধিক নেতা-কর্মী মুনিগঞ্জের দলীয় কার্যালয়ে বসে ছিলেন। এ সময় সদর উপজেলার বেমরতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হাওলাদার ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেনের পক্ষ নিয়ে ছাত্রদলের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা বলেন, উভয় পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছাত্রদলের ছয়জন কর্মী মাথায় গুরুতর আঘাত পান। এ সময় দলীয় কার্যালয়ের ছয়টি জানালার কাচ ভাঙচুর করা হয়।বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব পালনরত জ্যেষ্ঠ স্টাফ নার্স বীণা রানি পাল বলেন, দুপুরে মাথা ও মুখমণ্ডলে রক্তাক্ত জখম নিয়ে আসা সাত-আটজন যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আহত ব্যক্তিরা নিবন্ধন খাতায় তাঁদের নাম তুলতে দেননি।সংঘর্ষে আহত সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন: জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানু ভূঞার দুই ভাই আজিম ভূঞা ও মাশুক ভূঞা এবং সাঈদ, নান্না, হায়াৎ, রেজাউল ও গোলাম মোস্তফা বলাই। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা একটি বেসরকারি ক্লিনিকে ও বাকিরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা সুজাউদ্দিন ও সাধারণ সম্পাদক তানু ভূঞা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাধারণ একটি বিষয় নিয়ে ছাত্রদলের কিছু কর্মীর নিজেদের মধ্যে ঝগড়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে দু-চারজন আহত হন। তাঁরা বলেন, দলীয় কার্যালয়ের জানালার কাচ ভাঙচুরের খবর সঠিক নয়। জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, এ ঘটনায় কয়েকজন সামান্য জখম হয়েছেন। এ ছাড়া কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। বিকেলে উভয় পক্ষকে নিয়ে দলীয় কার্যালয়ে বসে বিরোধ মীমাংসা করে দেওয়া হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বিএনপির কার্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেননি।